স্টাফ রিপোর্টার: অতুল বসাক |
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং তাদের নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।

র্যালিতে উপস্থিত ছিলেন রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ ইসরাত জাহান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ মাসুদ রানা, সাধারণ সম্পাদক অতুল বসাক ও সাংগঠনিক সম্পাদক মোঃ ফিরোজসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এ বছরের জাতীয় কন্যাশিশু দিবসের প্রতিপাদ্য “শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” স্লোগানকে সামনে রেখে কন্যাশিশুর প্রতি বৈষম্য দূর করা, তাদের শিক্ষা নিশ্চিত করা এবং সমাজে সমান অধিকার প্রতিষ্ঠার বিষয়ে সচেতনতার বার্তা তুলে ধরা হয়।
র্যালিতে বাল্যবিবাহের কুফল, নারী ও শিশুর নিরাপত্তা, কন্যাশিশুর শিক্ষা এবং তাদের মেধা ও প্রতিভা বিকাশের গুরুত্ব তুলে ধরা হয়। বক্তারা মনে করেন, একটি সুন্দর ও সমৃদ্ধ দেশ গঠনে কন্যাশিশুদের যথাযথ শিক্ষা, নিরাপত্তা এবং সমান সুযোগ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। কন্যাশিশুরা উপযুক্ত পরিবেশ ও সুযোগ পেলে পরিবার, সমাজ এবং রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
কন্যাশিশুর অধিকার রক্ষায় শুধু দিবস উদযাপন নয়, বরং পরিবার থেকে শুরু করে সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি বাল্যবিবাহ বন্ধে অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলেও মনে করা হয়।
আয়োজকদের প্রত্যাশা, জাতীয় কন্যাশিশু দিবসের এ ধরনের কর্মসূচির মাধ্যমে কন্যাশিশুর অধিকার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি পাবে। একই সঙ্গে বাল্যবিবাহমুক্ত, বৈষম্যহীন ও নিরাপদ সমাজ গঠনে সবাই আরও দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।