দিনাজপুরের বিরামপুরে শিক্ষিত বেকার তরুণ-তরুণীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে আয়োজন করা হচ্ছে ‘জব ফেয়ার’ বা চাকরি মেলা। আগামী ২৭ অক্টোবর বিরামপুর ডিগ্রি কলেজ মাঠে দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হবে। এতে দেশের প্রায় ৭০টি প্রতিষ্ঠান অংশ নেবে।

 

বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. তানজিনা খাতুন বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, মফস্বল এলাকার শিক্ষিত বেকার তরুণ-তরুণীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং স্থানীয় মেধাবীদের জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত করাই এ আয়োজনের মূল লক্ষ্য। মেলায় চাকরিপ্রার্থীরা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলার পাশাপাশি নিয়োগসংক্রান্ত তথ্য জানা ও চাকরির জন্য আবেদন করার সুযোগ পাবেন।

 

দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের উদ্যোগে এ চাকরি মেলার আয়োজন করা হচ্ছে। মফস্বল এলাকার তরুণ-তরুণীদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এবং চাকরির বাজারের সঙ্গে তাদের সরাসরি সম্পৃক্ত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।