১। এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন চাঞ্চল্যকর হত্যা, ডাকাতি, অপহরণ, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে। হত্যার মতো মারাত্মক সামাজিক অপরাধের ক্ষেত্রে এসআরবি অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে অঙ্গীকারবদ্ধ।

২। নীলফামারীর জলঢাকায় জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে আলোচিত মকবুল হত্যা মামলার এজাহারনামীয় চারজন আসামিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গতকাল ০৩ নভেম্বর ঢাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো পুর্ব বালাগ্রাম আদর্শপাড়ার ০২ নং আসামি মোঃ মতিয়ার রহমান (৫৫), ০৩নং আসামি রফিফুল ইসলাম (৪৮), ০৯ নং আসামি মোঃ রাসেল (২৪) এবং ১০ নং আসামি মোঃ মিজান (২২)।

৩। মামলার এজাহার সূত্রে জানা যায় যে, গত ১২ সেপ্টেম্বর, ২০১৬ খ্রিঃ সকাল অনুমান ০৭.৩০ ঘটিকার সময় চলাচলের রাস্তা ও পূর্ব শত্রুতার জেরে মকবুল হোসেন (৫৬) প্রতিপক্ষের আঘাতে গুরুতর জখমপ্রাপ্ত হলে তার স্বজনেরা ভিকটিমকে প্রথমে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ভুক্তভোগী মকবুল হোসেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২১ সেপ্টেম্বর, ২০১৬ তারিখ সকাল ১১.০০ ঘটিকার সময় মৃত্যুবরণ করেন। উক্ত ঘটনার বিষয়ে ভিকটিমের ভাই মোঃ মহির উদ্দিন বাদী হয়ে জলঢাকা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং- ২১)।

৪। মামলা দায়েরের পরে, আসামি গ্রেফতারে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি এসআরবি গোয়েন্দা নজরজারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিসি-২, এসআরবি-১৩, নীলফামারী এবং সিপিএসসি, এসআরবি-১০, ঢাকার একটি যৌথ আভিযানিক দল ০৩ নভেম্বর, ২০২৬ তারিখ সন্ধ্যায় ঢাকা মহানগরীর সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় অভিযান পরিচালনা করে জলঢাকা থানার আলোচিত মকবুল হত্যা মামলার এজাহারনামীয় ঐ চারজন আসামিকে গ্রেফতার করে। উল্লেখ্য যে, গত ২৯ সেপ্টেম্বর এই হত্যা মামলার ৪নং আসামি মোঃ আনারুলকে গ্রেফতার করেছে এসআরবি।

৫। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সমাজ থেকে হত্যা, অপহরণ, ধর্ষণসহ বিভিন্ন গুরুতর অপরাধ নির্মূল এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এসআরবি এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

…মূলকপি স্বাক্ষরিত…
বিপ্লব কুমার গোস্বামী
অতিরিক্ত পুলিশ সুপার
সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া)
অধিনায়কের পক্ষে
মোবাইল: ০১৭৭৭৭১১৩০৩
তারিখ: ০৪/১১/২০২৬ খ্রিঃ