রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
সড়ক নিরাপত্তা নিশ্চিত এবং ট্রাফিক আইন বাস্তবায়নের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল থানার গেটে বিশেষ অভিযান পরিচালনা করেছে ট্রাফিক পুলিশ।
সোমবার (৩ আগস্ট) পরিচালিত এ অভিযানে মোটরসাইকেল চালকদের হেলমেট ব্যবহার, ড্রাইভিং লাইসেন্স, যানবাহনের রেজিস্ট্রেশনসহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়। এ সময় হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো এবং প্রয়োজনীয় বৈধ কাগজপত্র প্রদর্শন করতে ব্যর্থ হওয়া চালকদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী জরিমানা করা হয়।
ট্রাফিক পুলিশ জানায়, সড়কে শৃঙ্খলা বজায় রাখা, দুর্ঘটনা কমানো এবং চালকদের আইন মেনে চলতে উদ্বুদ্ধ করতেই এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে ভবিষ্যতেও নিয়মিত এ অভিযান অব্যাহত থাকবে।
এ সময় মোটরসাইকেল চালকদের সবসময় হেলমেট ব্যবহার, বৈধ ড্রাইভিং লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখার আহ্বান জানানো হয়।