মোঃফিরোজ উপজেলা প্রতিনিধি রাণীশংকৈল

গ্রাহকসেবার মান উন্নয়ন ও বিলিং কার্যক্রমকে আরও আধুনিক করার লক্ষ্যে ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতিতে বিদ্যমান বিলিং সফটওয়্যার পরিবর্তন করে Integrated Centralized Billing System (ICBS) চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ কারণে নির্দিষ্ট সময়ের জন্য বিদ্যুৎ বিল পরিশোধ ও বিলিং-সংক্রান্ত কিছু কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতি, জগন্নাথপুর, ঠাকুরগাঁও-এর প্রকাশিত জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নির্দেশনা অনুযায়ী নতুন বিলিং সফটওয়্যার বাস্তবায়নের লক্ষ্যে আগামী ১৯ আগস্ট ২০২৬ বিকেল ৪টা থেকে ২৩ আগস্ট ২০২৬ রাত ১২টা পর্যন্ত ব্যাংক, এজেন্ট ব্যাংক ও অফিসের ক্যাশ শাখার মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধসহ বিলিং-সংক্রান্ত কার্যক্রম বন্ধ থাকবে।
এ ছাড়া বিকাশ ও রকেটের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধের সেবাও ১৯ আগস্ট ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিটের পর থেকে ২৪ আগস্ট ২০২৬ সকাল ৯টা পর্যন্ত বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
তবে নির্ধারিত সময় শেষ হওয়ার পর অর্থাৎ ২৪ আগস্ট ২০২৬ সকাল ৯টার পর থেকে বিকাশ ও রকেটের মাধ্যমে যথারীতি বিদ্যুৎ বিল পরিশোধ করা যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, সাময়িক বন্ধকালীন সময়ে অর্থাৎ ২০ আগস্ট থেকে ২৪ আগস্ট ২০২৬ পর্যন্ত যেসব গ্রাহকের বিল পরিশোধের শেষ তারিখ রয়েছে, তারা বিলম্ব মাশুল ছাড়াই ২৫ আগস্ট ২০২৬ পর্যন্ত বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন।
ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতি জানিয়েছে, গ্রাহকসেবার মান উন্নয়ন ও সিস্টেম উন্নয়নের স্বার্থেই এই সাময়িক বিঘ্ন ঘটছে। নতুন Integrated Centralized Billing System (ICBS) চালুর পর বিলিং কার্যক্রম আরও আধুনিক ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।
সাময়িক এই সেবা বিঘ্নের কারণে গ্রাহকদের বিভ্রান্ত না হয়ে নির্ধারিত সময়সূচি অনুযায়ী বিদ্যুৎ বিল পরিশোধ করার জন্য অনুরোধ জানিয়েছে ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতি। একই সঙ্গে সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।