
দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরে সিআইডি পুলিশের এক কর্মকর্তাকে থাপ্পড় দেওয়ার অভিযোগে জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান মজিবকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দিবাগত রাতের এ ঘটনায় সিআইডি কর্মকর্তা মো. নওয়াবুর রহমান বাদী হয়ে দিনাজপুর কোতোয়ালি থানায় মামলা করেছেন।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, একটি মামলার নথিপত্র সংগ্রহের জন্য রোববার রাতে সিআইডি কর্মকর্তা নওয়াবুর রহমান দিনাজপুর কোতোয়ালি থানায় যান। নথিপত্র সংগ্রহের পর থানার ওসির কক্ষের সামনে অবস্থানকালে এক ব্যক্তি ওসি কোথায় আছেন জানতে চান। এ সময় সিআইডি কর্মকর্তা নিজের পরিচয় দিয়ে তদন্তের কাজে থানায় আসার কথা জানান।
অভিযোগ অনুযায়ী, এ সময় ওই ব্যক্তির সঙ্গে সিআইডি কর্মকর্তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মজিবুর রহমান মজিব ওই কর্মকর্তাকে গালে থাপ্পড় মারেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। ঘটনার সময় থানায় দায়িত্বরত পুলিশ সদস্যরা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।
পরে বিষয়টি থানার ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হলে মজিবুর রহমানকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। এ ঘটনায় সিআইডি কর্মকর্তা নওয়াবুর রহমান বাদী হয়ে মামলা করেন।
দিনাজপুর কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ নুর নবী জানান, মজিবুর রহমান মজিবকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
ঘটনাটি নিয়ে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে। তবে মামলার অভিযোগের বিষয়ে তদন্ত শেষে প্রকৃত ঘটনা ও দায় নির্ধারিত হবে।
Leave a Reply