
ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার অন্যতম বিনোদনকেন্দ্র রামরায় বিনোদন পার্কের প্রবেশ ফি হঠাৎ বাড়িয়ে দেওয়ায় সাধারণ দর্শনার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।
স্থানীয়দের অভিযোগ, আগে পার্কটিতে প্রবেশের জন্য টিকিটের মূল্য ছিল ২০ টাকা। সম্প্রতি তা বাড়িয়ে ৫০ টাকা করা হয়েছে। হঠাৎ করে প্রবেশ ফি আড়াই গুণ বাড়ানোর বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন দর্শনার্থীরা।
সাধারণ মানুষের বিনোদনের জন্য ঠাকুরগাঁও জেলায় হাতে গোনা কয়েকটি স্থান রয়েছে। এর মধ্যে রামরায় বিনোদন পার্কটি স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বিভিন্ন এলাকা থেকে আসা দর্শনার্থীদের কাছেও বেশ জনপ্রিয়। ফলে প্রবেশ ফি বৃদ্ধির সিদ্ধান্তে ক্ষুব্ধ সাধারণ দর্শনার্থীরা।
তাদের প্রশ্ন, কোন সিদ্ধান্তের ভিত্তিতে প্রবেশ ফি ২০ টাকা থেকে বাড়িয়ে ৫০ টাকা করা হয়েছে এবং এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের অনুমোদন রয়েছে কি না?
দর্শনার্থীদের দাবি, বিষয়টি জেলা প্রশাসনের পক্ষ থেকে খতিয়ে দেখে প্রবেশ ফি বৃদ্ধির কারণ ও যৌক্তিকতা জনসম্মুখে পরিষ্কার করা হোক।
এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা প্রশাসনের সুদৃষ্টি ও প্রয়োজনীয় ব্যবস্থা কামনা করেছেন স্থানীয়রা।
মো. মাহাবুব আলম
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
Leave a Reply