
মোঃ ফিরোজ উপজেলা প্রতিনিধি রাণীশংকৈল
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে অনুদান দেওয়ার কথা বলে নারীদের সঙ্গে কথা বলে কৌশলে কানের দুল নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। একের পর এক এমন ঘটনায় স্থানীয় নারীদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
সর্বশেষ আজ কুলসুম বেগম নামে এক বৃদ্ধার কানের দুল নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। তিনি রাণীশংকৈল উপজেলার শালবাড়ি এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, অনুদান দেওয়ার কথা বলে কুলসুম বেগমের সঙ্গে কথা বলা হয়। একপর্যায়ে বিভিন্ন কথাবার্তার মাধ্যমে তার বিশ্বাস অর্জন করে কৌশলে কানের দুল নিয়ে যায় অভিযুক্তরা। পরে তারা দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ও স্থানীয়রা।
স্থানীয়দের দাবি, শুধু কুলসুম বেগম নয়, এর আগেও একই ধরনের কৌশলে আরও কয়েকজন নারীর কানের দুল নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। কখনো অনুদান, কখনো বিভিন্ন সহযোগিতার কথা বলে নারীদের সঙ্গে যোগাযোগ করে তাদের কাছ থেকে স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যাচ্ছে একটি চক্রএমন অভিযোগ করছেন স্থানীয়রা।
এ ধরনের ঘটনায় বিশেষ করে বয়স্ক নারী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে। অনেকেই অপরিচিত ব্যক্তির দেওয়া বিভিন্ন প্রস্তাব নিয়ে সতর্ক থাকার কথা বলছেন।
স্থানীয়দের অভিযোগ, ধারাবাহিকভাবে এমন ঘটনা ঘটলেও এখন পর্যন্ত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার মতো কার্যকর ব্যবস্থা দৃশ্যমান নয়। ফলে একই ধরনের ঘটনা আবারও ঘটার আশঙ্কা করছেন তারা।
এলাকাবাসীর দাবি, ঘটনাগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করে জড়িতদের শনাক্ত করা হোক। পাশাপাশি রাণীশংকৈল পৌর শহর ও আশপাশের এলাকায় নজরদারি বাড়িয়ে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হোক।
ভুক্তভোগী কুলসুম বেগমের কানের দুল নিয়ে যাওয়ার ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা চলছে। এখন প্রশাসনের তদন্তে ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের পরিচয় বেরিয়ে আসবে এমন প্রত্যাশা করছেন এলাকাবাসী।
Leave a Reply