
অতুল বসাক স্টাফ রিপোর্টার দৈনিক বাংলা কন্ঠ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পুকুরের পানিতে ডুবে মো. জিহান নামের ৩ বছর বয়সী এক শিশুর করুণ মৃত্যু হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) বিকেলে উপজেলার কাশিপুর ইউনিয়নের পাটশীরি চেয়ারম্যানপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু জিহান ওই এলাকার বাবুল হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে বাড়ির উঠানে অন্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল ছোট জিহান। খেলাধুলার এক পর্যায়ে সবার অগোচরে সে বাড়ির পাশে থাকা একটি পুকুরের কাছে চলে যায় এবং পানিতে পড়ে তলিয়ে যায়।
বেশ কিছু সময় ধরে তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে স্বজনরা পুকুরের পানিতে জিহানকে ভেসে থাকতে দেখেন। দ্রুত তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হলেও ততক্ষণে তার আর স্পন্দন ছিল না; ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সন্তানের এমন আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্বজনদের বুকফাটা কান্নায় এলাকার বাতাস ভারী হয়ে উঠেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী জানান, খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের প্রেক্ষিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম)-এর অনুমতি সাপেক্ষে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
Leave a Reply