
পেয়ার আলী : ঠাকুরগাঁওয়ের হরিপুরে সুদখোর চক্রের অন্যায়-অত্যাচারের প্রতিবাদ করায় সাংবাদিক গোলাম রাব্বানীর উপর অতর্কিত সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
*গতকাল রাত সাড়ে ৯টায়* উপজেলার গেদুড়া ইউনিয়নের বনগাঁও বাজারে হাফিজিয়া মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে।
*হামলাকারী:*
প্রত্যক্ষদর্শীরা জানান, বনগাঁও খেরবাড়ি এলাকার কথিত সুদ কারবারি *সিরাজুল ইসলাম ও নজরুল ইসলাম নজু* এর নেতৃত্বে ৪-৫ জনের একটি দল এ হামলা চালায়।
*ঘটনার সূত্রপাত:*
গত রবিবার সকালে সিরাজুল ইসলাম ঢাকায় বসবাসরত শরিফুল ইসলামের বনগাঁওয়ের বাড়িতে সুদের টাকা চাইতে গিয়ে তার স্ত্রী ও স্বজনদের সাথে অকথ্য ভাষায় গালিগালাজ ও তর্কে জড়ায়। তখন স্থানীয় সাংবাদিক গোলাম রাব্বানী উভয়পক্ষকে শান্ত করার চেষ্টা করেন। এই মীমাংসার চেষ্টার জের ধরেই তার উপর হামলা করা হয় বলে অভিযোগ।
*হামলার বিবরণ:*
হামলাকারীরা সাংবাদিক গোলাম রাব্বানীকে একা পেয়ে গলা টিপে ধরে, রড ও বাঁশের লাঠি দিয়ে মাথা, মুখ ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি মারপিট করে। এতে তার নাক দিয়ে রক্ত বের হয় ও শরীরে ফোলা জখম হয়। মাটিতে লুটিয়ে পড়ার পরও হামলা অব্যাহত রাখে তারা।
অভিযোগ উঠেছে, হামলার সময় তার পকেটে থাকা নগদ টাকা, জাতীয় পরিচয়পত্র, মানবাধিকার প্রতিদিন পত্রিকার প্রেস কার্ড ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। স্থানীয় ব্যবসায়ীরা এগিয়ে এলে তাদেরও হুমকি দেওয়া হয়।

বর্তমানে তিনি *রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে* চিকিৎসাধীন।
*এলাকাবাসীর অভিযোগ:*
স্থানীয়দের মতে, সিরাজুল ও নজু চক্র দীর্ঘদিন ধরে গরিব-অসহায় মানুষকে চড়া সুদে টাকা দিয়ে জিম্মি করে রেখেছে। সময়মতো টাকা না দিতে পারলে গরু-ছাগল, মোটরসাইকেল কেড়ে নেওয়া এবং ফাঁকা স্ট্যাম্প ও ব্যাংক চেকে জোর করে স্বাক্ষর নিয়ে মিথ্যা মামলা দেওয়ার অভিযোগ রয়েছে। অনেক পরিবার নিঃস্ব হয়ে গ্রাম ছাড়তে বাধ্য হয়েছে।
এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও স্থানীয় সচেতন মহল।
Leave a Reply