
মোঃফিরোজ উপজেলা প্রতিনিধি রাণীশংকৈল
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে ঠাকুরগাঁওয়ের কৃতী সন্তান মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত ও শপথ গ্রহণ করায়। ঠাকুরগাঁওয়ের উপজেলা প্রেস ক্লাব রাণীশংকৈল এর উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি উপজেলা প্রেস ক্লাব রাণীশংকৈল কার্যালয়ে আয়োজিত এ মিলাদ ও দোয়া মাহফিলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে নবনির্বাচিত রাষ্ট্রপতির দায়িত্ব পালনে মহান আল্লাহর রহমত ও সহায়তা কামনা করেন উপস্থিত সাংবাদিক ও অতিথিরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাণীশংকৈল পৌরসভার সাবেক মেয়র মোকলেসুর রহমান, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মো. মাসুদ রানাসহ প্রেস ক্লাবের বিভিন্ন পর্যায়ের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও তথা উত্তরাঞ্চলের একজন গর্বিত সন্তান। দীর্ঘ রাজনৈতিক জীবনের নানা চড়াই-উতরাই পেরিয়ে তিনি দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তাঁর এই অর্জনে ঠাকুরগাঁওবাসীর পাশাপাশি রাণীশংকৈলের মানুষও গর্বিত ও আনন্দিত।
বক্তারা আরও বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া ঠাকুরগাঁওয়ের জন্য একটি গৌরবের বিষয়। তাঁর অভিজ্ঞতা, প্রজ্ঞা ও দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা দেশের কল্যাণে কাজে লাগবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।
এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। পাশাপাশি দেশের শান্তি, সমৃদ্ধি, স্থিতিশীলতা ও জনগণের কল্যাণ কামনা করা হয়।
দোয়া মাহফিলে উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মো. মাসুদ রানা বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুধু ঠাকুরগাঁওয়ের নয়, তিনি এখন সমগ্র বাংলাদেশের রাষ্ট্রপতি। তাঁর নতুন দায়িত্ব যেন দেশ ও জাতির কল্যাণে সফলভাবে পালন করতে পারেন, সে জন্য সবাইকে তাঁর জন্য দোয়া করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত প্রেস ক্লাবের সদস্যরা নবনির্বাচিত রাষ্ট্রপতির দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও সফলতা কামনা করেন। একই সঙ্গে তাঁর নেতৃত্বে দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আরও শক্তিশালী হবে এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে রাষ্ট্রের কার্যক্রম আরও গতিশীল হবে—এমন আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।
দোয়া মাহফিল শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
Leave a Reply