
স্টাফ রিপোর্টার অতুল বসাক
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার সাথী হিমাগার লিমিটেডে হাজার হাজার মেট্রিক টন আলু পচে নষ্ট হয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতে চরম বিপাকে পড়েছেন প্রান্তিক আলুচাষিরা। প্রত্যক্ষদর্শীদের দাবি, হিমাগারে সংরক্ষিত এসব আলুর আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩ কোটি টাকা।
এ ঘটনায় প্রান্তিক কৃষকদের দুর্ভোগ ও ক্ষয়ক্ষতির বিষয়টি তুলে ধরে ঠাকুরগাঁও জেলা ট্রাক-লরি-কভার ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল জব্বার এবং উপজেলা প্রেসক্লাব রাণীশংকৈলের সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলা কণ্ঠের স্টাফ রিপোর্টার অতুল বসাকের মধ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় হিমাগারে সংরক্ষিত আলুর বর্তমান অবস্থা, পচন ও কৃষকদের আর্থিক ক্ষতির বিষয় নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, কৃষকরা সারা বছর পরিশ্রম করে আলু উৎপাদন করেন। সেই আলু হিমাগারে সংরক্ষণ করেও যদি পচে নষ্ট হয়ে যায়, তাহলে কৃষকদের লোকসানের বোঝা বহন করা অত্যন্ত কঠিন হয়ে পড়বে।
তাঁরা আরও বলেন, হিমাগারে সংরক্ষিত আলুর সঠিক হিসাব নিরূপণ, পচনের কারণ অনুসন্ধান এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের স্বার্থ রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
এ অবস্থায় কৃষকদের পাশে দাঁড়াতে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, কৃষি বিভাগসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।
প্রান্তিক কৃষকদের কষ্টার্জিত ফসল ও কোটি কোটি টাকার সম্ভাব্য ক্ষতি থেকে রক্ষা করতে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
Leave a Reply