
আব্বাস উদ্দিন:সরাইল(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে একটি পাগলা কুকুরের কামড়ে নারী ও শিশুসহ ৮ জন আহত হয়েছেন। সোমবার (২ নভেম্বর) উপজেলার বিভিন্ন গ্রামে এ ঘটনা ঘটে। কুকুরটির আক্রমণে একের পর এক মানুষ আহত হওয়ার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কালো রঙের একটি পাগলা কুকুর সোমবার দিনভর উপজেলার বিভিন্ন গ্রামে ঘুরে নারী, শিশুসহ অন্তত ৮ জনকে কামড়ে আহত করে। পরে আহত ব্যক্তিরা সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে যান। তাঁদের মধ্যে নোয়াগাঁও ইউনিয়নের কুচনী গ্রামের বাসিন্দা সবিতা রানী দাস (৬০) গুরুতর আহত হয়েছেন। তাঁকে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য সাতজনকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
আহতদের মধ্যে রয়েছেন—তেরকান্দা গ্রামের জাহিদ (১১), চুন্টা গ্রামের ইয়াকুব (১০), নাথপাড়া গ্রামের রাহিম (৮), সূর্যকান্তি গ্রামের রোহান (১০) ও মারিয়ম (৩০), নোয়াগাঁও গ্রামের স্বপন এবং কুট্টাপাড়া গ্রামের শ্রাবণী (১৪)।
সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মো. আলী আযম রাকিব জানান, কুকুরের কামড়ে আহত কয়েকজনকে হাসপাতালে আনা হয়েছে। তাঁদের প্রয়োজনীয় চিকিৎসা ও জলাতঙ্ক প্রতিরোধী টিকা দেওয়া হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিজাম উদ্দিন জানান, একটি পাগলা কুকুরের কামড়ে কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
এদিকে, এক দিনে বিভিন্ন গ্রামের আটজনকে কুকুরে কামড়ানোর ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। দ্রুত কুকুরটিকে শনাক্ত করে নিয়ন্ত্রণে আনার দাবি জানিয়েছেন এলাকাবাসি।
Leave a Reply