
ঢাকা প্রতিনিধি:
রাজধানীর আদাবর এলাকায় অফিসের উদ্দেশ্যে বাসা থেকে বের হওয়ার পর মোছা. সুখী আক্তার (নাম জিডিতে উল্লিখিত) নামে এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ করেছেন তাঁর স্বামী মো. তরিকুল ইসলাম। এ ঘটনায় গত ৮ অক্টোবর ২০২৬ তারিখে আদাবর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।
জিডিতে উল্লেখ করা হয়, ২০১৫ সালের ১৭ আগস্ট তরিকুল ইসলামের সঙ্গে সুখী আক্তারের বিয়ে হয়। তাঁদের সংসারে একটি ছেলে সন্তান রয়েছে। গত ৪ অক্টোবর রাতে পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে সামান্য কথা-কাটাকাটি হয়। পরদিন ৫ অক্টোবর সকাল ৭টা ৪০ মিনিটে সুখী আক্তার অফিসের উদ্দেশ্যে বাসা থেকে বের হন। এরপর থেকে তিনি আর বাসায় ফিরে আসেননি বলে অভিযোগ করেন তাঁর স্বামী।
জিডির বিবরণ অনুযায়ী, স্ত্রী বাসায় না ফেরায় আত্মীয়স্বজন, শ্বশুরবাড়ি এবং সম্ভাব্য বিভিন্ন স্থানে দুই থেকে তিন দিন খোঁজাখুঁজি করেন তরিকুল ইসলাম। তবে তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। বিয়ের পর এর আগে কখনো কাউকে কিছু না জানিয়ে এভাবে চলে যাননি বলেও জিডিতে উল্লেখ করা হয়েছে।

এদিকে, ৭ অক্টোবর নিখোঁজ গৃহবধূ তাঁদের ছেলের মাদ্রাসার শিক্ষকের সঙ্গে যোগাযোগ করে ছেলের খোঁজখবর নেন বলে জিডিতে দাবি করা হয়েছে। পরে বিষয়টি ওই শিক্ষক তাঁর স্বামীকে জানান। এরপর স্ত্রীর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে সেটি বন্ধ পাওয়া যায় বলে অভিযোগ করেন তরিকুল ইসলাম।
জিডিতে আরও বলা হয়, স্ত্রীর খোঁজ নিতে শ্বশুরবাড়িতে ফোন করলে তাঁকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেছেন তিনি। এমন পরিস্থিতিতে ভবিষ্যতের নিরাপত্তা ও প্রয়োজনীয় আইনগত পদক্ষেপের স্বার্থে বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করার আবেদন জানান তিনি।

আদাবর থানায় জমা দেওয়া আবেদনের ট্র্যাকিং নম্বর TXFPWH। তবে এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। নিখোঁজ গৃহবধূর বর্তমান অবস্থান সম্পর্কেও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
Leave a Reply