
১। বাংলাদেশ আমার অহংকার’- এই মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন চাঞ্চল্যকর হত্যা, ডাকাতি, অপহরণ, ধর্ষণ, প্রতারণা, চাঁদাবাজিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে। প্রতারণা ও চাঁদাবাজির মতো গুরুতর সামাজিক অপরাধের ক্ষেত্রে এসআরবি অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে অঙ্গীকারবদ্ধ।
২। কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ক্লোন করে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রতারণার মামলায় মোঃ আঃ সালাম (৪৪) নামের সাবেক একজন মাদ্রাসা সুপারকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩। গতকাল রাতে রংপুর মহানগরীর আইডিয়াল মোড় শান্তিধারা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আঃ সালাম পীরগঞ্জ থানাধীন বড় মাজিদপুর (মধ্যপাড়া) গ্রামের মৃত আঃ হামিদের ছেলে।
৩। মামলার এজাহার, প্রাথমিক জিজ্ঞাসাবাদ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, অভিযুক্ত আঃ সালামের নেতৃত্বে একটি প্রতারক চক্র কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ক্লোন করে বিভিন্ন পদের কর্মকর্তা কর্মচারী নিয়োগের একটি ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। উক্ত বিজ্ঞপ্তি দেখে চাকরি প্রার্থীরা চাকরির জন্য ঐসব পদে আবেদন করে। আবেদন করা আনুমানিক ১০০ জন প্রার্থীদের নিয়ে রংপুরের একটি কমিউনিটি সেন্টার ভাড়া করে ভুয়া নিয়োগ পরীক্ষার আয়োজন করা হয়। পরবর্তীতে, চক্রটি রাজশাহীতে ঐ সকল প্রার্থীদের ভুয়া মৌখিক পরীক্ষা গ্রহণ করে। গত ০৩ ডিসেম্বর, ২০২৪ তারিখে বিভিন্ন পদে ৪২ জনের চূড়ান্ত নিয়োগের একটি ভুয়া অফিস আদেশ প্রকাশ করা হয়। এই ঘটনায় প্রতারক চক্রটি বিপুল পরিমাণ অর্থ প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয়। বিষয়টি কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরে আসলে তারা কুড়িগ্রাম সদর থানায় ক্লোনকৃত ভুয়া ঐ ওয়েবসাইটটি বন্ধ করতে একটি সাধারণ ডায়েরি করে। অনুসন্ধানে জানা যায়, উক্ত আঃ সালাম গাইবান্ধার সাদুল্লাপুরে একটি মাদ্রাসায় সুপার থাকাবস্থায় ঐ এলাকার বিভিন্ন মহিলার কাছ থেকে বীমা প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়। আরো জানা যায় যে, সুন্দরগঞ্জে বিভিন্ন এলাকায় টিউবওয়েল স্থাপন করার কথা বলে একাধিক পরিবারের কাছে থেকে টাকা আত্মসাৎ করে।

৪। কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ জালিয়াতির ঘটনার প্রতারিত চাকরিপ্রার্থীদের একজন মোঃ ফরহাদুল ইসলাম মন্ডল (২৯), পিতা-মোঃ আনহারুল ইসলাম মন্ডল, গ্রাম-পালুনাশাহাপুর, থানা-পীরগঞ্জ, জেলা-রংপুর বাদী হয়ে গ্রেফতারকৃত আঃ সালামকে প্রধান আসামি করে গত ২৭ অক্টোবর, ২০২৬ তারিখে পীরগঞ্জ থানায় একটি প্রতারণা মামলা দায়ের করেন (মামলা নং-৩২)।
৫। এই ঘটনার তীব্র সামাজিক গুরুত্ব বিবেচনায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন গোয়েন্দা তৎপরতা এবং প্রতারক চক্রটিকে শনাক্ত ও গ্রেফতারে কার্যক্রম শুরু করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানী, এসআরবি-১৩, রংপুর এর একটি আভিযানিক দল ২৯ অক্টোবর, ২০২৬ তারিখ ভোর ০৪.০০ ঘটিকায় রংপুর মহানগরীর কোতয়ালী থানাধীন আইডিয়াল মোড় শান্তিধারা এলাকার একটি ভাড়া বাসার দ্বিতীয় তলার ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে প্রতারক মোঃ আঃ সালামকে গ্রেফতার করে। এ সময়, প্রতারণার কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ, প্রার্থীদের দেওয়া বিভিন্ন ব্যাংকের চেকবইয়ের ফাঁকা পাতা ও চাকরি সংক্রান্ত বিভিন্ন কাগজপত্র উদ্ধার করা হয়। এই প্রতারক চক্রের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে অনুসন্ধান ও গোয়েন্দা নজরদারি চলমান রয়েছে।
৬। এই ঘটনায় গ্রেফতারকৃত আসামি এবং জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সমাজ থেকে হত্যা, অপহরণ, ধর্ষণ, প্রতারণা, চাঁদাবাজিসহ বিভিন্ন গুরুতর অপরাধ নির্মূল এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এসআরবি এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
…মূলকপি স্বাক্ষরিত…
বিপ্লব কুমার গোস্বামী
অতিরিক্ত পুলিশ সুপার
সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া)
অধিনায়কের পক্ষে
মোবাইল: ০১৭৭৭৭১১৩০৩
তারিখ: ২৯/১০/২০২৬ খ্রিঃ
Leave a Reply